দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং বিশ্বের সব সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির ফারস সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে বলেন, নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ‘সব স্বাধীন জাতিসংঘ সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের সীমান্তের বাইরের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা’।
তিনি বলেন, ‘কোনো সরকারেরই অধিকার নেই বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে—যেগুলো নিজ নিজ রাষ্ট্রের সার্বভৌম এখতিয়ারের অধীনে পরিচালিত—তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত থাকতে বাধ্য করার।’
বাঘাই বলেন, এ ধরনের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এগুলো জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় উল্লেখিত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার মৌলিক নীতির লঙ্ঘন।
অর্থনৈতিক চাপ প্রয়োগকে তিনি ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কাজ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সাময়িক ও অন্য একটি শক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল করে ফেলা হয়।
এ ধরনের ভয়ভীতি ও চাপের কাছে নতি স্বীকার করলে শেষ পর্যন্ত জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি ক্ষয় হয়ে যাবে বলে মন্তব্য করেন ইরানি মুখপাত্র। তার ভাষায়, এটি হবে প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার দিকে ‘বিপর্যয়কর প্রত্যাবর্তন’।
সূত্র: আল-জাজিরা
/অ